ঢাকার দোহার উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সুমন (১৭) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে উপজেলার মুকসুদপুর ইউনিয়নের পশ্চিম মৌড়া গ্রামের মানিক মৃধার মুরগীর র্ফামে এ ঘটনা ঘটে। নিহত সুমন ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার উজান দাসপাড়া গ্রামের সুলতানের ছেলে। সুমন ধানীখোলা উচ্চ বিদ্যালয়েল ১০ম শ্রেণির ছাত্র।
নিহতের মামা আহম্মদ আলী জানান, করোনাকালীন এসময় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে আমার ভাগ্নে বিগত ২০ দিন পূর্বে দোহার উপজেলার মুকসুদপুর ইউনিয়নের পশ্চিম মৌড়া গ্রামের মানিক মৃধার মুরগীর র্ফামে কাজ করতে আসে। শনিবার দুপুরে মুরগীর ফার্মে মুরগীকে খাবার দেয়ার সময়ে সুমন বিদ্যুৎস্পৃষ্ট হলে তাকে আহত অবস্থায় উদ্ধার করে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক সুমনকে মৃত বলে ঘোষণা করে।
দোহার থানার এসআই রবিউল ইসলাম জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে। রিপোর্ট আসলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।